ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রংপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম। এছাড়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ ও রংপুর জোনপ্রধান একেএম শাফিয়ার রহমান। সম্মেলনে রংপুর জোনের অধীন বিভিন্ন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামী ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুল জলিল বলেন, “এজেন্ট ব্যাংকিং শুধু একটি আর্থিক কার্যক্রম নয়, এটি সমাজের অর্থনৈতিক মুক্তির পথপ্রদর্শক।”
সম্মেলনে জানানো হয়, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বর্তমানে দেশের ৪৭৩টি উপজেলায় ২৭৮৩টি আউটলেটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকসংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে এবং দেশের মোট এজেন্ট ব্যাংকিং আমানতের ৩৯% ও বৈদেশিক রেমিট্যান্সের ৫৬% পরিচালনা করছে। ২০২৪ সালে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে নতুন করে ২,২৭৭ কোটি টাকা জমা হয়েছে এবং ১৭ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে। বক্তারা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান, যাতে তৃণমূলের মানুষের জন্য সহজ ও নিরাপদ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা যায়।


