কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পরিচালিত অভিযানে অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জেলা পুলিশ, র্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটক সাতজন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপর একজনের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানানো হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিভিন্ন বাহিনীর সমন্বিত অভিযান ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী চক্রের তৎপরতা দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।


