স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করছে।
শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে Dacca Institute of Research and Analytics (DAIRA) আয়োজিত Bengal Delta Conference 2026-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার ও আর্থিক অনিয়মের কারণে অর্থনীতি চাপে থাকলেও সরকারের বিভিন্ন উদ্যোগে পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
মির্জা ফখরুল জানান, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাতের সংস্কার এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি শিল্পায়ন, কৃষি উন্নয়ন ও সৃজনশীল অর্থনীতির বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্রকে টেকসই করতে শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘Bangladesh and a Changing World: Uncharted Times, Emerging Orders, and the Politics of Care’। এতে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।


