জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারকে অসাংবিধানিক বা অবৈধ বলা হলে একই সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত বিএনপি সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়ে। তিনি দাবি করেন, যে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে, তারাই গণভোটে বিপুল সমর্থন দিয়ে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষেও মত দিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় সরকারি দপ্তরের কার্যক্রমে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রভাব বাড়ছে। কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারীও নিরপেক্ষতার পরিবর্তে দলীয় পরিচয়কে গুরুত্ব দিচ্ছেন বলে দাবি করেন তিনি। এর ফলে টেন্ডারবাজি, প্রভাব বিস্তার ও অনিয়মের পরিবেশ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সময়মতো প্রতিবাদ না করলে তা আরও বড় সংকটে রূপ নিতে পারে বলেও সতর্ক করেন এনসিপির এই নেতা।
সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, সম্প্রতি ঘোষিত ৮ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প কেবল বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সুবিধার জন্য নেওয়া হয়েছে। তার প্রশ্ন, সরকার কি শুধু একটি দলের প্রতিনিধিদের জন্য, নাকি দেশের সব নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করবে।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন। এতে বক্তব্য দেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভা শেষে দলটির নেতারা নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরেকটি পথসভায় অংশ নেন।


