জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা কাটিয়ে আহত শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবার যে সাহস, ধৈর্য এবং দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা জাতির জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার আশ্বাসও দেন।
মঙ্গলবার (২১ জুলাই) মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অন্যান্যদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ডা. জুবাইদা রহমান বলেন, এত বড় দুর্ঘটনার পরও আহতদের মানসিক দৃঢ়তা এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, সংকটের এই সময়ে মানবিকতা, আত্মত্যাগ ও পারস্পরিক সহযোগিতার যে নজির সৃষ্টি হয়েছে, তা জাতিকে ভবিষ্যতের যেকোনো দুর্যোগ মোকাবিলায় শক্তি জোগাবে।
তিনি দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসাসেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জিয়াউর রহমান ফাউন্ডেশন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এই আত্মত্যাগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কখনো একা থাকবে না।


