আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে হোয়াইট লিমিটেড একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে সম্ভাব্য ফ্ল্যাট ও আবাসন ক্রেতাদের জন্য সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে গৃহঋণ গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রে হোয়াইটের আবাসন খাতের অভিজ্ঞতা এবং আইপিডিসি ফাইন্যান্সের গ্রাহককেন্দ্রিক গৃহঋণ সেবাকে সমন্বিত করে উন্নত সেবা নিশ্চিত করা হবে।
চুক্তিতে আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে হেড অব ডিস্ট্রিবিউশন (রিটেইল বিজনেস) মোহাম্মদ শহিদুল ইসলাম এবং রে হোয়াইট লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার সুজন কে. পল চৌধুরী স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় রে হোয়াইটের নির্বাচিত আবাসন প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং সুবিধা, সম্পত্তির মূল্যে আকর্ষণীয় অফার, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে বিশেষ ছাড় পাবেন। এছাড়া গ্রাহকদের কাছে এসব সুবিধা পৌঁছে দিতে যৌথভাবে ডিজিটাল প্রচারণা ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে দুই প্রতিষ্ঠান।


