আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে একটি শক্তিশালী জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিএফটিআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৬৩তম পরিচালনা পর্ষদের সভায় তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা, আন্তর্জাতিক বাজার ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে গভীর গবেষণার মাধ্যমে দেশের বাণিজ্যিক স্বার্থ আরও সুরক্ষিত করা হবে। তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, বাণিজ্য আইন ও অর্থনৈতিক নীতিবিষয়ক দক্ষ জনবল গড়ে তুলতে বিএফটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় ড. মোস্তফা আবীদ খানকে বিএফটিআইয়ের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি চীন, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ বাজার নিয়ে নিয়মিত গবেষণা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কার্যক্রম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর উদ্যোগের কথাও জানানো হয়।


