মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নারী ক্ষমতায়ন, নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, মিড-ডে মিল, এমসিবিপি এবং সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
ফ্রান্স বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী। তিনি জানান, সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীর অধিকার নিশ্চিতকরণ, নারী শিক্ষাকে স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা, কর্মজীবী নারীদের জন্য দিবাযত্ন কেন্দ্র সম্প্রসারণ এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ চলছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশের নারী ক্ষমতায়ন, জেন্ডার সমতা এবং দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
বৈঠকে কেয়ার ইকোনোমিতে নারীদের প্রশিক্ষণ, ফ্রান্সে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বাংলাদেশি নারীদের তৈরি পণ্য ফ্রান্সে রপ্তানির বিষয়েও আলোচনা হয়। শেষে রাষ্ট্রদূত আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ফেমিনিস্ট ফরেন পলিসি (এফএফপি) বিষয়ক সম্মেলনে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।


