হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, প্রিমিয়াম সুবিধাসমৃদ্ধ হজ প্যাকেজ-১–এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর তুলনামূলক সাশ্রয়ী হজ প্যাকেজ-২–এর খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
প্যাকেজ-১–এ মক্কায় হারাম শরীফ থেকে ১ থেকে ১.৪ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২–এ তাঁবু, ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী খাবার এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে রুম আপগ্রেড ও শর্ট প্যাকেজ সুবিধাও পাওয়া যাবে।
অন্যদিকে, প্যাকেজ-২–এ মক্কায় হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
হোটেলের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী বাস (সালাওয়াত) সুবিধা দেওয়া হবে। এছাড়া মিনায় জোন-৫–এ তাঁবু এবং মিনা-আরাফায় ক্যাটাগরি-৩ অনুযায়ী খাবারের ব্যবস্থা থাকবে।সরকার জানিয়েছে, উভয় প্যাকেজেই সৌদি আরবে হজযাত্রীদের অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন।


