ঢাকা ও চট্টগ্রামের পশুর হাট-সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা ঈদের আগের দিন পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সঙ্গে এসব শাখায় ঈদের আগের ৪ দিন রাত ১০টা পর্যন্ত লেনদেন পরিচালনা করতে বলা হয়েছে।
পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
ঢাকার দুই সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেসব শাখা খোলা থাকবে
এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে ২৫ ও ২৬ জুন (রোববার ও সোমবার) স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এর পরের দুদিন ২৭ ও ২৮ জুন (মঙ্গল ও বুধবার) ব্যাংক বন্ধ থাকলেও কোরবানির পশুর হাটের নিকটবর্তী শাখাগুলো খোলা থাকবে। এসব শাখায় ওই দুদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।


