নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের কলাগাছিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ জানান, বিকেলে স্থানীয়রা মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে খবর দেয়। নৌপুলিশ লাশ উদ্ধারের পর তা রমনা থানা থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছবির সঙ্গে মেলানো হয়।
এরপর রমনা থানার জিডিতে পরিবারের পক্ষ থেকে জমা দেওয়া ছবির সঙ্গে লাশের মিল পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে রমনা থানাকে অবহিত করে নৌপুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “মেঘনা নদী থেকে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে আমরা যাচাই করি। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। তার পরিবার শনাক্ত করার পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
বিভুরঞ্জন সরকার গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবার থেকে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এরপর থেকেই তাকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালায়। ৭১ বছর বয়সী এই সাংবাদিক দীর্ঘদিন ধরে আজকের পত্রিকা-য় কাজ করছিলেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন তিনি। সাংবাদিকতায় সততা, অনুসন্ধানী মনোভাব এবং প্রখর লেখনীর জন্য তিনি সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত।
বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, বন্ধু ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবদানের কথা স্মরণ করে শোক বার্তা জানিয়েছেন। এদিকে পুলিশ জানিয়েছে, কীভাবে তার মৃত্যু হয়েছে এবং পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


