চট্টগ্রাম বন্দরে আধুনিকায়নের পথে নতুন মাইলফলক হিসেবে চালু হলো ডিজিটাল পেমেন্ট পদ্ধতি। ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) যৌথভাবে এ ডিজিটাল সেবা চালু করেছে। শনিবার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাৎ হোসেন।
এছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে বন্দরের বিভিন্ন ফি ও চার্জ অনলাইনে তাৎক্ষণিকভাবে পরিশোধ করা যাবে, যা গ্রাহকদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএলের উর্ধ্বতন কর্মকর্তারা, বন্দর কর্তৃপক্ষ ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রযুক্তির এই সংযোজন দেশের বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


