টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে আরও বাড়তে পারে। এর ফলে কয়েকটি স্থানে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ঊর্ধ্বমুখী। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বর্তমান বন্যা পরিস্থিতি স্থিতিশীলও থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও ধীরে ধীরে বাড়ছে। আগামী ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে সোমেশ্বরী, ভুগাই, সারিগোয়াইন ও যাদুকাটাসহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোণার কিছু এলাকায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি রংপুর ও রাজশাহী অঞ্চলের কয়েকটি নদীতেও পানি বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


