আগামীকাল ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, এ পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য পাওয়া যায়নি; তবুও সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে বাহিনী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত সাধারণ মানুষ, বিশিষ্টজন ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিতে বহুস্তরীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে কয়েকটি নিরাপত্তা সেক্টরে ভাগ করে ইনার ও আউটার প্যারিমিটারে র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল টিম এবং স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা সুইপিং সম্পন্ন করা হয়েছে এবং ইউনিটগুলো স্ট্যান্ডবাই অবস্থায় থাকবে।
র্যাব ডিজি আরও বলেন, শহীদ মিনার ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান তিনি।
দেশব্যাপী গুরুত্বপূর্ণ শহর ও জেলা পর্যায়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। জনসাধারণকে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।


