আগামী মে মাস থেকে সারা দেশে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ অভিযান শুরু করছে সরকার। পাঁচ বছর মেয়াদি এ কর্মসূচির আওতায় মোট ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দেশের বনভূমি সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে নদী, খাল ও জলাধার পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
মন্ত্রী জানান, সরকারের ঘোষিত লক্ষ্য অনুযায়ী প্রতি বছর গড়ে পাঁচ কোটি করে চারা রোপণ করা হবে। এ জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর পাশাপাশি কৃষি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। সরকারি নার্সারিগুলোতে উৎপাদিত চারা ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রয়োজন হলে বেসরকারি নার্সারি থেকেও সংগ্রহ করা হবে।
তিনি বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে মে মাসেই কার্যক্রম শুরু করা জরুরি। কারণ বর্ষার শুরুর দিক গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযোগী সময়। চলতি বছরে নির্ধারিত সংখ্যক চারা পুরোপুরি প্রস্তুত না থাকলেও আগামী বছরে উৎপাদন বাড়িয়ে ঘাটতি পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণের জন্য উপকূলীয় লবণাক্ত এলাকা, চরাঞ্চল, নদীর তীর, বাঁধ, সড়কের পাশ, পাহাড়ি অঞ্চল ও ম্যানগ্রোভ বনাঞ্চলকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। স্থানীয় জনগণ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করারও উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে।


