ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজযাত্রীদের সেবা সহজ করতে রাজধানীর আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ হজ বুথ চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই বুথের মাধ্যমে হজযাত্রীরা একই স্থানে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা, তথ্য ও সহায়তা পাচ্ছেন। এখানে দেশীয় মুদ্রার বিনিময়ে সৌদি রিয়াল ও মার্কিন ডলার সংগ্রহের সুযোগ থাকছে। পাশাপাশি হজ কার্ড প্রদান, ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড এন্ডোর্সমেন্ট এবং এটিএম সেবাও চালু রাখা হয়েছে। এসব কার্ড ব্যবহার করে হজযাত্রীরা সৌদি আরবে ভিসা লোগোযুক্ত যেকোনো বুথ থেকে সহজেই টাকা উত্তোলন করতে পারবেন।
এছাড়া হজযাত্রীদের সুবিধার্থে ছাতা, হ্যান্ডব্যাগ, জুতার ব্যাগ এবং মিনায় পাথর নিক্ষেপের জন্য বিশেষ ব্যাগ বিতরণ করা হচ্ছে। হজের নিয়ম-কানুন ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে তথ্যসমৃদ্ধ লিফলেট ও গাইডলাইনও দেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি।


