শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের ৪০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এই শিক্ষার্থীরা ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সমান সংখ্যক ২০০ জন ছেলে এবং ২০০ জন মেয়ে রয়েছেন। দুই বছরের জন্য এই বৃত্তির মোট অর্থের পরিমাণ ২ কোটি ২০ লাখ টাকা।
২৭ আগস্ট ২০২৫ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে সরাসরি চেক হস্তান্তর করা হয়। বাকি ৩৫০ জন শিক্ষার্থীর বৃত্তি নির্ধারিত সময় অনুযায়ী তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চেয়ারম্যান এ. কে. আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সত্যিকারের মেধাবীরাই দেশের উন্নয়নের চালিকা শক্তি। আমরা ২০০৬ সাল থেকে দরিদ্র মেধাবীদের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।” ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, “এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও সাহসের উৎস। আমরা আশা করি তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”


