ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এক ঘোষণায় জানিয়েছে, ত্রাণ হিসেবে পাঠানো তিন টন চিকিৎসা সামগ্রী লেবাননে এসে পৌঁছেছে। এটি চলমান সংঘাতে ইরানের পাঠানো চতুর্থ ত্রাণের চালান।
আজ রোববার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। রেড ক্রিসেন্টের কর্মকর্তা বাবাক মাহমুদি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, ত্রাণ হিসেবে মূলত জরুরি ওষুধ পাঠানো হয়েছে। শিশুদের জন্য উপযোগী ওষুধও রয়েছে এতে।
নতুন হাসপাতালটি আগের অবস্থান থেকে ৪০ কিমি দূরে নির্মাণ করা হবে। মাহমুদি আরও জানান, ইরানি রেড ক্রিসেন্টের অন্তত ১১ জন কর্মীকে আগামী দিনগুলোতে লেবাননে পাঠানো হবে।
এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গতকাল শনিবার লেবাননের তিন গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, রাজধানীর দক্ষিণে শৌফ জেলার বারজা এলাকায় ইসরায়েলি হামলায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
পাশাপাশি লেবাননের উত্তর উপকূলের শহর বাতরৌন থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত দেইর বিল্লা এলাকায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।


