পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি অন্যতম, যার মাধ্যমে পরিবারের নারী প্রধানরা সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি ব্যবস্থা চালু করেছে, যেখানে পরিবারের নারী প্রধানের হাতে সরাসরি সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। এই অর্থ দিয়ে তারা পরিবারের প্রয়োজনীয় ব্যয় মেটানোর পাশাপাশি সঞ্চয়ের দিকেও গুরুত্ব দিচ্ছেন। এর ফলে নারীদের আর্থিক সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ছে।
তিনি আরও বলেন, একজন মা যদি আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল হন এবং পরিবারের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারেন, তাহলে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারের ওপর পড়ে। সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মায়েরা আরও কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন। ফলে দীর্ঘমেয়াদে একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকারের দেওয়া এই সহায়তা শুধু ভোগের জন্য নয়, বরং তা সঠিকভাবে ব্যবহার করে পরিবারকে আরও স্বাবলম্বী করে তোলাই মূল উদ্দেশ্য। নারীরা যদি পরিকল্পিতভাবে এই অর্থ ব্যয় ও সঞ্চয় করেন, তাহলে তা পারিবারিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, সরকার নারী উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বাড়িয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ উন্নয়নের বাইরে না থাকে।সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


