Wednesday, July 8, 2026
Home জাতীয় মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে সংসদের প্রথম অধিবেশন

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে সংসদের প্রথম অধিবেশন

মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আগামী ১২ মার্চ বা এর দুয়েক দিন আগেই হতে পারে প্রথম অধিবেশনের বৈঠক। গতকাল শনিবার রাতে সংবাদমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

সংবিধান অনুযায়ী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন শুরুর আইনি বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নির্দেশনাও রয়েছে সংবিধানে। এর আগে সংসদের বৈঠকে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ও শোক প্রস্তাব গ্রহণ করা হবে। রাষ্ট্রপতির ভাষণের পরপরই প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে।

গতকাল দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদের প্রথম অধিবেশনের সময়সূচি নিয়ে এই সিদ্ধান্ত হয়। প্রথমবারের মতো গতকাল তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন প্রধানমন্ত্রীর এটি ছিল তৃতীয় কর্মদিবস। এর আগে দুই দিন তিনি সচিবালয়ে অফিস করেন। সেখানে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দলের নির্বাচনী প্রতিশ্রুতির অনেক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেন।

শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন  
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয় পরদিন ১৩ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি।

এই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি ইতোমধ্যেই দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচন করেছে। তাঁর নেতৃত্বে নতুন সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে বিএনপি এখনও স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদে কাকে মনোনীত করবে– তা প্রকাশ করেনি।

অন্যদিকে ৬৮ আসন পাওয়া বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের সংসদীয় দলের সভায় দলটির আমির শফিকুর রহমানকে নেতা নির্বাচিত করেছেন। বিরোধীদলীয় উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ হয়েছেন জামায়াতের শরিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গৃহীত জুলাই জাতীয় সনদ অনুযায়ী, এবার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার কথা। বিএনপির নির্বাচনী ইশেতেহারেও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি রয়েছে।

অধিবেশন শুরু কার সভাপতিত্বে তা স্পষ্ট নয়
আইন অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম বৈঠক শুরু এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা। কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপটে ইতোমধ্যেই স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নতুন এমপিদের শপথ পাঠ করিয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে বিদায়ী সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হন।

এবার অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, তা এখনও স্পষ্ট নয়। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অধিবেশনে সভাপতিত্ব করতে পারবেন। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর সরকারি ও বিরোধী দলের আলোচনায় জ্যেষ্ঠ একজন সদস্যকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। এবারও তেমন কোনো প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

টানা ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

ইউসিবির রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৭...

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণের মেয়াদ ৩ বছর বাড়াল অর্থ বিভাগ

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগ কার্যক্রম জোরদার করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত ৩ হাজার কোটি টাকা ঋণের বিপরীতে...

Recent Comments