পুঁজিবাজারে তালিকাভুক্ত সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান অনুমোদন করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এজিএমে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ। তিনি শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আরও উজ্জ্বল সম্ভাবনার জন্য আমরা কাজ করে যাব।”
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ, পরিচালক পর্ষদের অন্যান্য সদস্য এবং কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ। হাসান আহমদ তাঁর বক্তব্যে বলেন, “বেস্ট হোল্ডিংস লিমিটেডের জন্য এ বছরটি ছিল উল্লেখযোগ্য। আমরা সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠানের সাফল্য ধরে রাখতে শেয়ারহোল্ডারদের পাশে চাই।”
সভায় কোম্পানির ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরা হয়। চেয়ারম্যানের সমাপনী বক্তব্যের মাধ্যমে এজিএমটি সফলভাবে সমাপ্ত হয়।


