বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের এই সরকারি সফরে তিনি সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বৈশ্বিক অর্থনৈতিক এই আয়োজনে অংশ নেবেন। সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষ পরামর্শকরা।
ডব্লিউইএফের এবারের সম্মেলনে বাংলাদেশের জন্য একটি বিশেষ মুহূর্ত অপেক্ষা করছে। এই প্রথমবারের মতো সম্মেলনে বাংলাদেশবিষয়ক একটি আলাদা সংলাপ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। এই সংলাপ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ সম্ভাবনা এবং উন্নয়ন অর্জনকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার একটি বিরল সুযোগ বলে মনে করা হচ্ছে। ড. ইউনূস এ সফরের সময় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী কন্যা শেখ লতিফা, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলার সঙ্গে বিশেষ আলোচনা হবে।
এ সফর বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


