প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জীবনের এই পর্যায়ে এসে ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, দেশের জন্য কিছু করে যাওয়ার তীব্র ইচ্ছা থেকেই কাজ করে যেতে চান। তার মতে, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই এখন তার প্রধান লক্ষ্য।
শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে নামাজ আদায় করেন।
সিইসি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে ছিলাম। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু এই মুহূর্তে যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে, তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। আমি চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে দেশের মানুষের মধ্যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে আস্থার সংকট আছে, তা দূর করতে।”
তিনি জানান, এই মহৎ লক্ষ্য একা তার পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। “এটি কেবল আমার একার দায়িত্ব নয়—এটি জাতীয় দায়িত্ব। তাই নাগরিক হিসেবে আপনাদের সবাইকে পাশে চাই,” বলেন তিনি।
এ সময় সিইসি ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের জন্যও তিনি গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মুসল্লিদের কাছে দোয়ার অনুরোধ জানান
জুমার নামাজ ও সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
সিইসি তার বক্তব্যে আরও বলেন, “এই দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ভর করছে একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের ওপর। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।”


