অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচন নিয়ে অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করা।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, “রাজনৈতিক সরকারের নানা সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। বর্তমান সরকার সেই সীমাবদ্ধতা কাটিয়ে সংস্কারের সুযোগ তৈরি করেছে। জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া এই সরকারের প্রধান লক্ষ্য।”
তিনি উল্লেখ করেন, “উত্তরবঙ্গের রংপুর অঞ্চল অতীতে উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। বর্তমান সরকার এ অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আর এই সফর তারই অংশ। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত থাকার সুযোগ নেই।”
অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান এবং কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। একই দিন বিকেলে খানসামা উপজেলার পাকেরহাটে এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলের পিছিয়ে পড়া এলাকাগুলোতে উন্নয়ন ও সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা, যা সাধারণ জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।


