এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল অ্যাকাউন্টে iBAS++ এর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ।
নতুন পদ্ধতিতে কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
রোববার (৭ জুলাই) ব্যানবেইসের সম্মেলন কক্ষে সংস্থাটির ১১তম বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে সংগৃহীত চাঁদার টাকা সরকারি কোষাগার থেকে মাউশি, মাদ্রাসা ও কারিগরি মহাপরিচালকের অ্যাকাউন্টে জমা হওয়ার পর তা কল্যাণ ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো।
পরবর্তী সময়ে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা পাঠানো হতো।
আরও পড়ুন: স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিওর চেক ছাড়
iBAS++ এর সঙ্গে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক-কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল অ্যাকাউন্টে জমা হয়ে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
এতে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক-কর্মচারীদের সেবার মান আরও সহজ হবে।
রোবারের কল্যাণ ট্রাস্টের বোর্ডের সভায় ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৪০ কোটি ৭ লাখ ৯৮ হাজার ৭৮৪ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সোলেমান খানের সভাপতিত্বে এবং ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ ড. মো. শাহজাহান আলম সাজুর পরিচালনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদসহ অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


