শুল্ক হ্রাসের ধারাবাহিকতায় আগামী সপ্তাহের মধ্যে ভোজ্যতেল ও চিনির নতুন দাম নির্ধারণ হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সচিবালয়ে গতকাল নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ভোজ্যতেল ও চিনির মূল্য নির্ধারণ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পণ্য দুটির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে বসে যৌক্তিক পর্যায়ে নতুন শুল্কের প্রভাব অনুযায়ী দাম নির্ধারণ করব। রমজান উপলক্ষে সেই দামে বিক্রি হবে।’
এ সময় সাধারণ ভোক্তারাও যাতে শুল্ক সুবিধার উপকারভোগী হতে পারে সেজন্য উৎপাদনকারী ও আমদানিকারকদের উদ্দেশে ট্রানজিটে থাকা আমদানি পণ্য দ্রুত খালাস করে বাজারজাতের আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘আমরা এনবিআরের সঙ্গে কথা বলব। উৎপাদকরা কবে পণ্য আনছেন, সে হিসাব করে আগামী সপ্তাহের মধ্যে বসে নতুন শুল্ক অনুযায়ী মূল্য নির্ধারণ করে দেব। সরকার পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে আন্তরিকভাবে চেষ্টা করছে।’
আসন্ন রমজান উপলক্ষে গত ১৮ জানুয়ারি ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভার আয়োজন করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার নিশ্চয়তা দেয়া হয়েছিল।
সভার পর বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। এজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারীদের সঙ্গে আমরা আলোচনায় বসেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ব্যবসায়ীরা বাজারে বিশেষ করে রমজানে ভোজ্যতেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করবেন বলে জানিয়েছেন।’


