ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র ১১০৯তম পরিচালনা পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাঁর নিয়োগ অনুমোদন দেয়।
ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্নেহাশীষ বড়ুয়া একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং (এসএমএসি)-এর প্রতিষ্ঠাতা ও ফাউন্ডিং পার্টনার এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো সদস্য।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও কর্পোরেট গভর্ন্যান্সে কাজ করেছেন। তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)-এ পার্টনার এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনাল)-এ সিনিয়র ম্যানেজার ছিলেন। এছাড়া গ্রামীণফোন লিমিটেড ও রবি এক্সিয়াটা লিমিটেডে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।


