বাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (BBDN) এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ যৌথভাবে ‘Lessons, Results, and Future Directions: Promoting Disability-Inclusive Workplaces in Bangladesh’ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করেছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ), ন্যাশনাল অকুপেশনাল সেফটি, হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (NOSHTRI), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (BEF), বিজিএমইএ, বিকেএমইএ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), চিকিৎসক, শিল্পখাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
অনুষ্ঠানে Social Protection for Workers in the Textile and Leather Sector (SOSI) প্রকল্পের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। প্রকল্পটির মাধ্যমে তৈরি পোশাক ও চামড়া শিল্পে রিটার্ন-টু-ওয়ার্ক (RTW) ব্যবস্থা চালু, RTW এবং Occupational Disease & Occupational Medicine (OD/OM) বিষয়ক প্রশিক্ষণ মডিউল তৈরি ও হালনাগাদ, পেশাগত দক্ষতা উন্নয়ন, বাংলাদেশের Employment Injury Scheme (EIS) বাস্তবায়নে সহায়তা এবং এসব প্রশিক্ষণ মডিউল NOSHTRI-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের বিষয়টি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে তিনটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩-এর মধ্যে নীতিগত সমন্বয়, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং শ্রম কল্যাণ তহবিলের কার্যকর ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে ‘Return-to-Work in Action: From Policy to the Factory Floor’ শীর্ষক আলোচনায় তথ্যচিত্র প্রদর্শন, মূল্যায়ন প্রতিবেদন এবং অংশীদার কারখানার অভিজ্ঞতা তুলে ধরা হয়।
তৃতীয় অধিবেশনে পেশাগত রোগ ব্যবস্থাপনা ও Occupational Medicine-এর বর্তমান অগ্রগতি এবং এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলকারখানা ও প্রতিষ্ঠা অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিক বলেন, “একটি টেকসই সমাজ গড়তে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনা বা অসুস্থতার পর কর্মীদের পুনরায় কাজে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।” তিনি এ ক্ষেত্রে সরকার, নিয়োগকর্তা, শ্রমিক এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে সরকারি সংস্থা, নিয়োগকর্তা সংগঠন, শিল্পখাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং কারিগরি বিশেষজ্ঞরা SOSI প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


