পাবনায় সম্ভাবনাময় নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর অধীনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি এই উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রশিক্ষণটি পাবনার ব্র্যাক লার্নিং সেন্টার, গাছপাড়ায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) পরিচালিত হবে।
যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের যুগ্ম পরিচালক ও ডিপিডি মো. আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের জোনাল হেড ফজলুল হক এবং হেড অব এসএমই (মার্কেটিং) এন এইচ এম নুসরাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, আর্থিক পরিকল্পনা, ব্যাংকিং সেবা গ্রহণ এবং উদ্যোক্তা ব্যবস্থাপনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি যোগ্য উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদানের সুযোগও তৈরি হবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


