বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে প্রিজনভ্যানে করে কারাগার থেকে তাদের আদালতে আনা হয়।
হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ২৪ জন এখনো পলাতক।
এর আগে সোমবার মামলার অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। শুনানিতে প্রসিকিউশনের প্রধান আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী শুনানি শেষে আসামিপক্ষের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মামলাটি শুনানির দায়িত্বে থাকা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল আদেশ প্রদান করেন। অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
পলাতক ২৪ আসামির পক্ষে আদালতের নির্দেশে চারজন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বিচার কার্যক্রম অনুপস্থিতিতেই চলবে বলে জানানো হয়।
এ মামলায় আবু সাঈদের ওপর হামলা ও হত্যা, বিশ্ববিদ্যালয়ের ভেতরে সংঘটিত সহিংস কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা কেন্দ্র করে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।


