ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দেশের শিল্প ও বিনিয়োগ পরিবেশকে স্থিতিশীল রাখতে গ্যাসের দাম এবং বিভিন্ন পণ্যে কর বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই এ উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটি জানায়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সম্প্রতি শিল্প ও ক্যাপটিভ খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা থেকে ৭৫ টাকা ৭২ পয়সা করার কথা রয়েছে। একইসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন পণ্যে ভ্যাট ও করহার বৃদ্ধি এবং মোটরসাইকেল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয়কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিসিসিআই মনে করে, এ ধরনের পদক্ষেপ দেশে ব্যবসা ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। গ্যাসের দাম বৃদ্ধি এবং করহারের এই উল্লম্ফনের ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে, যা পণ্যের মূল্যস্ফীতি ঘটাবে এবং কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেবে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প খাতের উৎপাদন খরচ বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। সংগঠনটি জানায়, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না করেই গ্যাসের দাম বৃদ্ধি করা হলে ব্যবসার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। এতে নতুন বিনিয়োগ কমে যাবে এবং বিদ্যমান বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনায়ও জটিলতা দেখা দেবে।
ডিসিসিআই আরও বলেছে, বিভিন্ন শিল্পে কর সুবিধা ২০৩২ সাল পর্যন্ত থাকার কথা থাকলেও হঠাৎ কর বৃদ্ধি বিনিয়োগ পরিবেশে অনিশ্চয়তা তৈরি করবে। বিশেষত দেশের অর্থনৈতিক অবস্থা যেখানে নাজুক, সেখানে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে করহারের বৃদ্ধি একটি বড় বাধা হয়ে দাঁড়াবে। সংগঠনটি মনে করে, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের স্বার্থে সরকার, বেসরকারি খাত ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ অবস্থায় ডিসিসিআই গ্যাসের দাম বৃদ্ধি ও করহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার মাধ্যমে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে।


