দেশের ৪২২ উপজেলায় স্বল্প আয়ের মানুষদের জন্য ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) কার্যক্রম চালু করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন প্রতিটি উপজেলায় দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে। জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল কেনার সুযোগ থাকছে। চালের দাম নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে। মূলত নিম্ন আয়ের মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সহজলভ্য করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোপূর্বে দেশের বিভিন্ন জেলায় ৯০৮টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম পরিচালিত হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই কেন্দ্রগুলো কার্যক্রম চালিয়ে যাবে এবং নতুন করে ৪২২ উপজেলায় ওএমএসের আওতা বাড়ানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষদের আর্থিক চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।


