কোভিড-১৯ মহামারির পর চীনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি-ভিডিওতে দেখা যাচ্ছে, দেশটির হাসপাতালগুলোতে রোগীদের উপচেপড়া ভিড়। বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি ফ্লু’র মতো উপসর্গ সৃষ্টি করে। তবে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ।
২০০১ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসটি শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্যমতে, ভাইরাসটি গলা ব্যথা, জ্বর, কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করে। গুরুতর সংক্রমণ হলে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া দেখা দিতে পারে।
এইচএমপিভি সাধারণত কাশি, হাঁচি, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এবং দূষিত স্থান স্পর্শের মাধ্যমে ছড়ায়। হাত মেলানোর পর চোখ, মুখ বা নাক স্পর্শ করলেই ভাইরাসটি শরীরে প্রবেশ করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
চীনের পাশাপাশি অন্যান্য দেশেও এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ।


