সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং ব্রিটিশ মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দেশে ও বিদেশে লেনদেনের নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে পাঠানো ওই চিঠিতে সন্দেহভাজনদের নামে পরিচালিত অফশোর ব্যাংক হিসাবসহ সকল অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান টিম জানিয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিশেষ আশ্রয়ণ প্রকল্পসহ নয়টি প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের পৃথক একটি অভিযোগেরও অনুসন্ধান চলছে।
এ বিষয়ে দুদক প্রথম দফায় নির্বাচন কমিশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নথি চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য তলব করেছে। এতে তাদের পাসপোর্ট তথ্য, জাতীয় পরিচয়পত্র এবং ভ্রমণ বিবরণীর বিস্তারিত অন্তর্ভুক্ত থাকবে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এই অনুসন্ধান প্রক্রিয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হবে। সন্দেহভাজনদের সম্পদ এবং লেনদেনের তথ্য বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।
উল্লেখ্য, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এটি বর্তমান সময়ে দেশের অন্যতম আলোচিত অনুসন্ধান হিসেবে বিবেচিত হচ্ছে।


