সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়ায় বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর দেড় ঘণ্টায় (বেলা ১১টা পর্যন্ত) প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৪১ পয়েন্ট বেড়ে ৫,১৯২ পয়েন্টে পৌঁছেছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৮.৮৪ পয়েন্ট বেড়ে ১,১৬২ পয়েন্টে এবং নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সূচক ৭.৭৫ পয়েন্ট বেড়ে ১,৯১১ পয়েন্টে অবস্থান করছে।
এই সময়ের মধ্যে ডিএসইতে মোট ৮২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২৬৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, শেয়ারদরের এই উত্থান বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এবং পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা বজায় রাখতে সহায়ক হবে।


