আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্সের মালিকানাধীন শেয়ারবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন বাতিলের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রসপেক্টাসে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে থাকা শেয়ার অন্য হিসাবে স্থানান্তরের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়া হয়েছে নির্দেশনা।
এর আগে একই অভিযোগে গত বছরের ১০ জুলই সিএপিএম অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক তানিয়া শারমিনকে শেয়ারবাজারে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে জানিয়েছেন, সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা না থাকায় মার্চেন্ট ব্যাংকটির নিবন্ধন সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


