পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসি তার সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে ব্যাংকটি ৪৫০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। ব্যাংকটি এই বন্ডের মাধ্যমে তার টিয়ার-টু মূলধনভিত্তি আরও শক্তিশালী করতে চায়। নতুন বন্ডটি ৭ বছরের মেয়াদী হবে এবং এর সম্পূর্ণ অবসায়ন মেয়াদ শেষে হবে।
এ বন্ডের বিশেষত্ব হল, এটি শেয়ারে রূপান্তরযোগ্য নয়, অর্থাৎ এর কোন অংশ শেয়ার হিসেবে রূপান্তর হবে না। এতে কোন জামানতও থাকবে না। ব্যাংকটির পরিকল্পনা অনুযায়ী, বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৫ লাখ টাকা হবে এবং এর মোট ইউনিট সংখ্যা হবে ৯ হাজার। বন্ডটির রিটার্ন ভাসমান হবে, যা রেফারেন্স সুদের হারের সঙ্গে মার্জিন যোগ করে নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এই বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু কার্যকর হবে।


