বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানির বিরুদ্ধে জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ পরিশোধ করতে ব্যর্থ হলে এসব কোম্পানির পরিচালকদের ওপর কঠোর আর্থিক জরিমানা কার্যকর করা হবে।
কোম্পানিগুলো হলো: সাফকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ, ওরিজা এগ্রো, মামুন এগ্রো, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সীড, বিডি পেইন্টস এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। এসব কোম্পানি ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের ঘোষিত লভ্যাংশ পরিশোধে ব্যর্থ হলে বিএসইসি এ জরিমানা কার্যকর করবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পরিশোধ করতে ব্যর্থ হলে সাফকো স্পিনিংয়ের পরিচালকদের ২০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের পরিচালকদের ১৩ লাখ টাকা, লুব-রেফ বাংলাদেশের পরিচালকদের ২ কোটি ৩৫ লাখ টাকা, ওরিজা এগ্রোর পরিচালকদের ৪৭ লাখ টাকা, মামুন এগ্রোর পরিচালকদের ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিড ও কৃষিবিদ সীডের পরিচালকদের ১০ লাখ টাকা, বিডি পেইন্টসের পরিচালকদের ৯৭ লাখ টাকা এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পরিচালকদের ১ কোটি ৯১ লাখ টাকা জরিমানা প্রদান করতে হবে।
এই জরিমানা প্রত্যেক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালকদের ব্যক্তিগত তহবিল থেকে আদায় করা হবে। বিএসইসি’র এমন কঠোর সিদ্ধান্ত বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।


