জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই স্মরণসভায় তিনি উপস্থিত হন।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সম্মেলনের মূল মঞ্চে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বিশেষ বার্তা প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, পেশাজীবী প্রতিনিধি এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী কর্মসূচি। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। কর্মসূচির সমাপনী হবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের মধ্য দিয়ে। ওই সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।


