**ওয়ালটন শুরু করলো নতুন ফ্রাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক**
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন দেশের ক্রেতাদের কাছে দ্রুত আন্তর্জাতিকমানের পণ্য ও সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নতুন ফ্রাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক চালু করেছে। এই নেটওয়ার্কের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুমটি সাভারের আশুলিয়ায় উদ্বোধন করা হয়েছে।
৩০ অক্টোবর, বুধবার, ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ের ডায়মন্ড টাওয়ারে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এছাড়া ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ফ্রাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি আপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্র্যাঞ্চাইজি শোরুমের স্বত্তাধিকারী খন্দকার আলাউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমিন খান বলেন, “ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মাধ্যমে ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স ব্যবসায় একটি নতুন পদ্ধতি চালু করলো। এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজে ব্যবসা করতে পারবেন এবং বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের পণ্য সারা দেশে সহজেই পৌঁছাতে সক্ষম হবে।” তিনি আরও বলেন, ফ্র্যাঞ্চাইজি শোরুমের মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্য আরো সহজলভ্য হবে এবং এ খাতে নতুন উদ্যোক্তাদের সৃষ্টি হবে।
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ এ সময় বলেন, “বিশ্বের উন্নত দেশে ফ্রাঞ্চাইজিং ব্যবসা জনপ্রিয়। এটি অনেক উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তাই ইলেকট্রনিক্স খাতে ওয়ালটন ফ্রাঞ্চাইজি ব্যবসায় এগিয়ে এসেছে। আমরা আশা করছি, এই উদ্যোগ শতভাগ সফল হবে।”
ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্যোক্তা খন্দকার আলাউদ্দিন জানান, “আমরা স্থানীয় বাজারে আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন পণ্য ও সেবা সহজলভ্য করার লক্ষ্যে এ শোরুমটি চালু করেছি।” এটি ক্রেতাদের জন্য একটি নতুন সম্ভাবনা এবং উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।


