নেত্রকোনার মদন উপজেলায় সেনাবাহিনী একটি যৌথ অভিযানে ২৪৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (২ নভেম্বর) ভোরে চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নূর আহম্মদ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি শাহপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নূর আহম্মদ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। শনিবার ভোরে তিনি তার নিজ বাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রির এবং সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেনাবাহিনীর একটি টহল দল খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে নূর আহম্মদের কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু) এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর বলেন, “শনিবার ভোরে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল মাদক সংক্রান্ত তথ্য পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। আটক নূর আহম্মদ তার নিজ বাড়ি থেকে আটক হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।”
অভিযানে জব্দকৃত ইয়াবা ও অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক নূর আহম্মদকে মদন থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়, যেখানে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশ কুমার দে জানিয়েছেন, নূর আহম্মদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে। মামলার কার্যক্রম সম্পন্ন হলে তাকে নেত্রকোনার আদালতে পাঠানো হবে। তিনি জানান, এই অভিযানের মাধ্যমে এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের জন্য একটি সুসংবাদ।
এমন অভিযানগুলো এলাকা থেকে মাদক নির্মূলে সহায়ক হবে এবং জনগণের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি করবে বলে মনে করেন স্থানীয়রা।


