ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফ জহির। আজ ইউসিবির কর্পোরেট অফিসে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া তরুণ শিল্পোদ্যোক্তা তানভীর খান ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ইউসিবির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ জহীর একজন সিআইপি এবং বাংলাদেশে ব্যবসা ও শিল্প খাতে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠার অন্যতম পথপ্রদর্শক। তিনি পোশাক ও বস্ত্র খাতের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার নেতৃত্বে অনন্ত গ্রুপ ৪০০ মিলিয়ন ডলার বার্ষিক টার্নওভার এবং ৩১ হাজার জনেরও বেশি লোকের কর্মসংস্থান করেছেন। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস, অস্টিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতি ও অর্থশাস্ত্রে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি অনন্ত টেরেসের মতো টেকসই উদ্যোগের প্রতিষ্ঠাতা।
নির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর খান জে কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনিও একজন সিআইপি। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও ইউসিবির অন্যতম উদ্যোক্তা মো: জাহাঙ্গীর আলম খাঁনের বড় ছেলে। তানভীর খান চট্টগ্রাম সমিতি, সাভার গলফ ক্লাব, ঢাকা বোট ক্লাব, বিজিএমইএ অ্যাপারেল ক্লাব এবং গুলশান ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) বোর্ডে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৬-১৭ করবর্ষে চল্লিশ বছরের কম বয়সী সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মানিত হয়েছিলেন।
ব্যাংকের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়া সাজ্জাদ হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, যার ব্যাংকিং ও অর্থনীতির উপর ব্যাপক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান ইউসুফ আলীর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পরিচালক পদে বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে। অডিট কমিটির প্রধান ওবায়দুর রহমান একজন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।


