বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া সাবেক জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন, তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে আদালতে হাজির করা হয় শিরীন শারমিন চৌধুরীকে। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। তদন্ত কর্মকর্তার দাবি, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন। এছাড়া, জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২৪ এর ১৮ জুলাই কোটা আন্দোলনের সময় আজিমপুর সরকারি কলোনিতে ছাত্র ও সাধারণ মানুষের শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে। পুলিশের সদস্যসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেন। এতে মো. আশরাফুল নামের একজন গুরুতর আহত হন এবং তার বাম চোখ ভেদ করে গুলি রেটিনার পেছনে গিয়ে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারান।
শিরীন শারমিন চৌধুরী মামলার ৩ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে। গ্রেফতারের সময় ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার দিন এবং আন্দোলনের অন্যান্য সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তার পরিকল্পনা ও নির্দেশে এই সহিংস ঘটনা সংঘটিত হওয়ায় আদালতে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে কারাগারে আটক রাখার বিষয়ে শুনানি হবে।


