বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে বননির্ভর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা আরও জোরদারের আশ্বাস দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, সুন্দরবন দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যা শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং হাজারো মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস হিসেবেও কাজ করে। তাই এই বন রক্ষার পাশাপাশি এর ওপর নির্ভরশীল মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
প্রতিমন্ত্রী আরও জানান, মধু সংগ্রহ মৌসুমে মৌয়ালরা নানা ঝুঁকির মুখে থাকেন। বিশেষ করে বন্যপ্রাণীর আক্রমণ এবং অপরাধী চক্রের হুমকি তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট বাহিনীর টহল বৃদ্ধি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় মৌয়ালদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মৌয়ালরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, যার মধ্যে ছিল নিরাপত্তা সংকট, বাঘের আক্রমণ এবং বনদস্যুদের ভয়। প্রতিমন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে একই দিনে প্রতিমন্ত্রীর সাতক্ষীরায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে, যা স্থানীয় কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


