চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে শিগগিরই সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ‘কম্বাইন্ড অপারেশন’ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে প্রথম বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জঙ্গল সলিমপুরে সংঘটিত ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি জানান, ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও জোরদার অভিযান চালানো হবে।
শফিকুল আলম বলেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ সব বাহিনী সমন্বিতভাবে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করবে। যারা এই সহিংসতার সঙ্গে জড়িত, তারা যত প্রভাবশালীই হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলেও জানান তিনি।
বাহিনীর সদস্যদের মনোবলের ওপর এই ঘটনার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, বরং এই ঘটনা তাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে এক সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করে ফেরার পথে হামলার শিকার হন র্যাব সদস্যরা। সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা মো. মোতালেব নিহত হন। ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করে।
দীর্ঘদিন ধরেই জঙ্গল সলিমপুর পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। দুর্গম পাহাড়ি এই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, খুন ও অপরাধমূলক তৎপরতা নিয়মিত ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।


