প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক টেবিলে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে তিন দলের পক্ষ থেকে সমসংখ্যক প্রতিনিধি অংশ নেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জাতীয় নাগরিক পার্টির পক্ষে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
রাজনৈতিক সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক নিরাপত্তা, নির্বাচনকেন্দ্রিক সহিংসতা এবং পারস্পরিক আস্থার বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার পর উদ্ভূত পরিস্থিতি আলোচনার কেন্দ্রে ছিল। হামলার ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় দলগুলো।
এর আগে শুক্রবার সন্ধ্যায় একই স্থানে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং তদন্ত তৎপরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনায় বসেন ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানান, চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সংলাপ অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষের সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।


