The Business Standard–এর অনলাইন সংস্করণে ২৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৪:২০ মিনিটে প্রকাশিত “স্ত্রী-সন্তানসহ লাভেলো আইসক্রীমের এমডি একরামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা” শিরোনামের প্রতিবেদন সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে Tawfika Foods and Lavello Ice Cream PLC।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক জানান, ব্যবসার স্বাভাবিক সম্প্রসারণ ও পরিচালনার প্রয়োজনেই প্রতিষ্ঠানটি Simanto Bank PLC থেকে নিয়মিত ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে ঋণ সুবিধা গ্রহণ করে। তিনি বলেন, ২০২৩ সালের পর দেশের সামগ্রিক বাজারে মন্দাবস্থার কারণে ব্যবসায় চাপ সৃষ্টি হলেও কোম্পানি নিয়মিত কিস্তি পরিশোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়।
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর সৃষ্ট অস্বাভাবিক বাজার পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় ঋণ পরিশোধে সাময়িক ব্যাঘাত ঘটে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের এপ্রিল মাসে ব্যাংক ঋণ হিসাব ক্লাসিফাই করে। তবে পরবর্তীতে মহামান্য হাইকোর্টের নির্দেশে কোম্পানির ঋণ হিসাব পুনরায় নিয়মিত হিসেবে বহাল রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
একরামুল হক আরও জানান, বাংলাদেশ ব্যাংকের ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ০৭ নং বিআরপিডি সার্কুলার অনুসারে নির্ধারিত নিয়ম মেনে ঋণ পুনর্গঠনের লক্ষ্যে ৩% ডাউন পেমেন্ট হিসেবে ৪ কোটি ১০ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তবুও সংশ্লিষ্ট ব্যাংক রিসিডিউল প্রক্রিয়া সম্পন্ন না করায় কোম্পানি হাইকোর্টে রিট আবেদন করেছে, যা বর্তমানে বিচারাধীন।
তিনি বলেন, আদালত ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছে, যার কার্যক্রম এখনও চলমান। কোম্পানির দাবি—প্রকাশিত সংবাদের কিছু অংশ বিভ্রান্তিকর এবং বাস্তব পরিস্থিতি না জেনে উপস্থাপন করা হয়েছে।


