শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া এগ্রো অর্গানিকা পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির কিউআইও আবেদন গ্রহণ আগামী ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
রোববার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, বুধবার (৩১ মে) বিএসইসির ৮৭০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস, ২০২২ অনুযায়ী এগ্রো অর্গানিকা পিএলসির ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।
পুঁজি উত্তোলন করে কোম্পানিটি বিদ্যমান কারখানার ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২১ সালের ১ জুলাই হতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১২ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৬৮ টাকা।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনও বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড


