দেশের পুঁজিবাজার সম্পর্কে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি পরিদর্শন করেছে।
অন্যদিকে আইআইইউসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রফেসর ড. নাজনিন জাহান চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর মো. আরিফুল হক ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. নাজিম উল্লাহ। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান বলেন, ‘দেশের পুঁজিবাজারকে আরো কার্যকর, গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে হলে বিনিয়োগকারীদের সচেতনতা ও জ্ঞান বৃদ্ধির কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে আমাদের দেশে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রচলিত ধারণা বিদ্যমান রয়েছে, যা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বিনিয়োগকারীদের কেবল শেয়ারভিত্তিক বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ না থেকে মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), বন্ডসহ বিভিন্ন আর্থিক পণ্যে বিনিয়োগের বিষয়ে আগ্রহী হতে হবে।’
ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘উন্নত অর্থনীতিতে ব্যাংক খাত মূলত স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে কাজ করে। অন্যদিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও শিল্পায়নের প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা পালন করে পুঁজিবাজার। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখনও সেই কাঙ্ক্ষিত ভারসাম্য গড়ে ওঠেনি। ভবিষ্যতের বিনিয়োগকারী হিসেবে নিজেদের প্রস্তুত করতে হলে বাজার সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি পর্যবেক্ষণ ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে আবেগ নয়, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।‘
এ সময় সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ এবং এ-সংক্রান্ত চলমান কার্যক্রম সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়। দেশের পুঁজিবাজারকে আরো বহুমাত্রিক ও আধুনিক করার লক্ষ্যে নতুন নতুন আর্থিক পণ্য ও সেবা চালুর উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।
পরবর্তীতে সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ একটি বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে পুঁজিবাজারের কাঠামো, শেয়ার লেনদেন প্রক্রিয়া, নিয়ন্ত্রক কাঠামো, বিনিয়োগকারীদের অধিকার ও দায়িত্ব, ঝুঁকি ব্যবস্থাপনা ও বাজার পরিচালনার বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও জিজ্ঞাসা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।


