হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে চারটি দেশকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আগুন লাগার কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা ব্যর্থ হয়নি; বরং সময়মতো কাজ শুরু করে আগুন নেভাতে সক্ষম হয়। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট মাত্র চার মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়, আর ফায়ার সার্ভিসের দল আসে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, “সেখানে খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরের ইলেকট্রনিক গেট দ্রুত চালু করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে—এতে কোনো সমস্যা নেই।”
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


